ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতদের জন্য মেসির প্রার্থনা
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার ভূমিকম্প হয়। নিহত প্রায় আড়াই হাজারের কাছাকাছি, আহত ১১ হাজার। প্রায় দুই সপ্তাহ পর হলেও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির প্রতি সমবেদনা জানালেন। দিয়েছেন আবেগঘন বার্তা।
চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনার অধিনায়ক মেসি ভেনিজুয়েলার জনগণের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পাঠান। আগের দিন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এনিয়ে প্রতিক্রিয়া জানান। ভূমিকম্পে পা হারানো আন্দ্রেস মিলেস নামের এক খুদে ভেনেজুয়েলা ভক্তের স্বপ্ন পূরণ করেছেন তিনি।
মেসি বলেছেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। যারা চরম কষ্টের মধ্যে দিয়ে হচ্ছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং কী হবে না হবে, তা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন—আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও প্রার্থনা রইল।’
এর আগে রোনালদো হাসপাতালে চিকিৎসাধীন আন্দ্রেসের ইচ্ছা পূরণ করেন। ওই খুদে ভক্তের ইচ্ছা ছিল, তার বিশ্বকাপ অ্যালবামের জন্য রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার পাওয়া।
রোনালদো শুধু সেই স্টিকারই পাঠাননি। বরং তাকে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন। তার খেলা দেখার জন্য সরাসরি আমন্ত্রণও জানিয়েছেন। ভিডিওতে রোনালদো বলেন, ‘এই যে আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি তৈরি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসাথে খেলা উপভোগ করতে পারি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বন্ধু আমার, শক্ত থেকো।’



























