একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল
বয়সটা মাত্র ১৯, কিন্তু অর্জনের তালিকাটা যেন অনেক অভিজ্ঞ তারকার মতো। স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল আবারও বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক কীর্তি গড়েছেন ইয়ামাল। তিনি হয়েছেন ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি কিশোর বয়সে একই সঙ্গে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলেছেন।
ইয়ামালের এই রেকর্ডের শুরু হয়েছিল ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। তখনও তিনি ছিলেন টিনএজার। স্পেনের হয়ে সেই আসরের ফাইনালে মাঠে নেমে ইউরোর মঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন বার্সেলোনার এই তরুণ প্রতিভা।
এরপর দুই বছরের মধ্যেই বিশ্বকাপ ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চে আবারও স্পেনের জার্সিতে নামলেন তিনি। আর তাতেই যোগ হলো আরও একটি বিরল অর্জন।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আলোচনায় রয়েছেন ইয়ামাল। ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর বিশ্বকাপেও স্পেনের ফাইনাল যাত্রায় বড় অবদান রেখেছেন তিনি।
মাত্র ১৯ বছর বয়সেই ইউরো ও বিশ্বকাপের ফাইনালের অভিজ্ঞতা অর্জন করে ইয়ামাল প্রমাণ করেছেন, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তালিকায় কেন তাঁর নাম এত গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।



























