রোববার ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২২ আগস্ট ২০২৬

রোনালদোর নতুন বিশ্ব রেকর্ড, ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি

রোনালদোর নতুন বিশ্ব রেকর্ড, ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ এই মহাতারকা। শুক্রবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে দলের হয়ে শেষ গোলটি করে ইতিহাসের পাতায় নাম লেখান সিআরসেভেন।

চলতি সৌদি প্রো লিগ মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই, ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝামাঝি জায়গা থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান তিনি। সেই গোলেই নিশ্চিত হয় তার টানা ২৫ মৌসুমে লিগে গোল করার রেকর্ড।

এর আগে এই কীর্তির মালিক ছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ১৯৯৯-২০০০ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন জ্লাতান। এবার তাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন রোনালদো।

২০০২-০৩ মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে লিগে গোল করার মধ্য দিয়ে রোনালদোর এই ধারার শুরু। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদ, রিয়াল মাদ্রিদে নয় মৌসুম, জুভেন্টাসে তিন মৌসুম এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদেও গোল করেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি জমানোর পর আল নাসরের হয়েও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ তারকা।

রোনালদোর নতুন এই রেকর্ডের সঙ্গে আরও বড় একটি মাইলফলকের কাছাকাছি চলে এসেছেন তিনি। আল রিয়াদের বিপক্ষে গোলটি ছিল তার অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে করেছেন ১৪৫ গোল, জুভেন্টাসের হয়ে ১০১, স্পোর্টিংয়ের হয়ে ৫ এবং আল নাসরের হয়ে ১৩০ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ১৪৬।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে রোনালদোর সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ১,০০০ গোলের মাইলফলক। ২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলার হিসেবে তার শেষ মৌসুম হতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, সম্ভবত এটিই ফুটবলে তার শেষ বছর এবং তিনি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চান।

সাক্ষাৎকারের সময় রোনালদোর ক্যারিয়ার গোল ছিল ৯৭৬টি। নতুন মৌসুমের প্রথম উপস্থিতিতেই সেই সংখ্যায় যোগ হলো আরও একটি গোল। ফলে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক এখন তার জন্য আরও কাছে। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়েও রোনালদোর গোলের ক্ষুধা যে এতটুকু কমেনি, নতুন এই বিশ্ব রেকর্ডই তার বড় প্রমাণ।

সর্বশেষ

জনপ্রিয়