বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পকেট গেট

পকেট গেট

ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সাময়িক বন্ধ

ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সাময়িক বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে শেখ মুজিবুর রহমান হল-সংলগ্ন পকেট গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আবাসিক হল ও এলাকায় বহিরাগত অতিথিদের প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানো হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হাউস টিউটরদের নিয়মিত ফ্লোর পরিদর্শন কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রাধ্যক্ষদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় জানানো হয়, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রমও বাড়ানো হয়েছে। সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আইসিটি সেলের পরিচালক, সহকারী প্রক্টর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১০:১৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার