বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

স্পেশাল করেসপন্ডেন্ট 

প্রকাশিত: ০৯:২৬, ৮ জুলাই ২০২৬

পারিবারিক কলহের জেরে স্বামী নিহত

পারিবারিক কলহের জেরে স্বামী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি ভবনের চতুর্থ তলার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সুমনের (৪২) বাড়ি হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলায়। তিনি নবী মিয়ার ছেলে। পেশায় তিনি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারকে নিয়ে নাজিমউদ্দিন রোডের ওই বাসায় বসবাস করতেন। অন্যদিকে, তার প্রথম স্ত্রী ডলি বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে হোসনী দালান এলাকায় বসবাস করেন।

তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার দাবি করেন  সুমনকে তিনি জমিদার গলির ওই বাসায় এক মেয়েকে নিয়ে বসবাস করেন। সোমবার রাতে সুমন সেখানে যান। তার অভিযোগ, ওই রাতে বাসা থেকে ১ হাজার ৫০০ টাকা হারিয়ে যায় এবং তিনি সুমনকে বাথরুমে মাদক সেবন করতে দেখেন।

নাসিমার ভাষ্য অনুযায়ী, এসব বিষয় নিয়ে মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সুমন তাকে মারধর করেন এবং লোহার তৈরি একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে ওই ধারালো বস্তুটি সুমনের বুকে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হলে নাসিমা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক  জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের একটি জখম রয়েছে। 

 ঘটনাটি তদন্ত করছে বংশাল থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়