বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৪ জুলাই ২০২৬

শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবরোধ, ইট পাটকেল নিক্ষেপ

শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবরোধ, ইট পাটকেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকার বকশিবাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।

সেখানে শিক্ষা বোর্ড গেটে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। মাউশি ভবনের দ্বিতীয় গেট ভাঙার চেষ্টা করেন তারা।

এর আগে নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বের করে দেয় পুলিশ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত বিষয়টি জানিয়ে বুঝিয়ে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান কোন ধরনের সহিংসতা তাদের উদ্দেশ্য নয়, তাদের একটিই দাবি অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যা পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের জন্য তাদের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগী’, ‘দফা এক দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দিতে থাকেন।

জনপ্রিয়