চট্টগ্রামে ধর্মঘটের ডাক
অগ্রিম আয়কর বৃদ্ধি ও পুলিশি হয়রানিসহ নানা প্রশাসনিক জটিলতার প্রতিবাদে এবং ১১ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে দুইদিন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন। এসময় আগামী ২১ ও ২২ জুলাই টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দেয় সংগঠনটি।
মঙ্গলবার (১৪ জুলাই) নগরীর সল্টগোলা ক্রসিং ও বন্দর সিসিটি-২ নম্বর গেট সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ডাক দেয়া হয়। মানববন্ধনে বক্তারা প্রাইম মুভার ট্রেইলার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড ও ক্রেনসহ হেভি ইকুইপমেন্ট পরিবহনের ওপর অগ্রিম আয়কর (এআইটি) ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালে এআইটি যখন ১৯ হাজার টাকা ছিল, তখন থেকেই তারা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এখন তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা পরিবহন মালিকদের জন্য একেবারেই অসহনীয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে একাধিকবার চিঠি দিয়েও কোনো প্রতিকার মেলেনি।
আবু সালেহ জুয়েলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি মোরশেদ হোসেন নিজামীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সভাপতির বক্তব্যে আবু সালেহ জুয়েল বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সরকার যদি আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান না করে, তবে আগামী ২১ ও ২২ জুলাই চট্টগ্রামে সব ধরনের প্রাইম মুভার, ফ্ল্যাটবেড ও হেভি ইকুইপমেন্ট পরিবহন মালিকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।



























