বিমানবন্দরে দুই দফায় ককটেল বিস্ফোরণ, আহত ৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেট ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় পৃথক দুটি ঘটনায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রায় তিন ঘণ্টা পর রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দরের বাইরের গেটে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর এলাকায় বিআরটি উড়ালসেতু থেকে গোলচত্বরের কাছে বিমানবন্দরের বাইরের গেট লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে উড়ালসেতুর নিচে থাকা তিন পথচারী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, জসিমউদ্দিন এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা জানান, রাত সোয়া ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ বলেন, বিমানবন্দরের বাইরের গেটে ককটেল বিস্ফোরণে তিন পথচারী আহত হয়েছেন। তাঁদের পায়ে সামান্য আঘাত লেগেছে। পরে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জসিমউদ্দিন এলাকাতেও পৃথকভাবে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানে কেউ আহত হননি।
এসআই মানিক মাহমুদ জানান, দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরের বাইরের গেটে বিস্ফোরিত ককটেলগুলো উড়ালসেতুর ওপর থেকে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।



























