শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পাশের কারখানার শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলো থেকে শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকালে কাফরুল এলাকায় কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়