গুলশানে তারানা হালিমের খোঁজে পুলিশের অভিযান
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশানে তাঁর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়। সেখানে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও উপস্থিতি ছিল। বাসার সামনে একটি মালবাহী পিকআপ দেখা যায়।
গুলশান থানার ওসি (অপারেশন) ইসমাইল হোসেন খান যুগান্তরকে বলেন, তাঁদের কাছে তথ্য ছিল তারানা হালিম গুলশানের একটি বাসায় অবস্থান করছেন। তবে সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
বাসাটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, শনিবার বিকেল ৩টার পর পুলিশ সেখানে আসে। দুই নারী পুলিশ সদস্য বাসার চারতলায় যান। তবে ভেতরে কাউকে পাওয়া যায়নি। এ সময় একজন চালক কিছু মালপত্র নামাচ্ছিলেন বলেও জানান তিনি।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যকে।
তারানা হালিম ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও তাঁর পরিচিতি রয়েছে।



























