রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ২২ নভেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের ফটকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ২

কবি নজরুল কলেজের ফটকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ২
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র‍্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন, ঘটনার সময় তাঁরা কলেজের সামনেই অবস্থান করছিলেন। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ মোতায়েন ছিল। ককটেলটি ওই দিক থেকে ছোড়া হতে পারে, আবার কলেজের ছাদ থেকেও ফেলা হয়ে থাকতে পারে। বিস্ফোরণের সময় তাঁরা কিছুই বুঝতে পারেননি।

শরীফ হোসেন নামে কলেজের আরেক শিক্ষার্থী বলেন, বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে পাশেই কথা বলছিলেন। এ সময় কলেজের কর্মচারী সুজন মামা ও ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে তাঁরা ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হলে তাঁরা বিষয়টি বুঝতে পারেন। পরে জানতে পারেন, বিস্ফোরণে কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়