সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও ক্লিনিকল-এর যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং ক্লিনিকল লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যৌথভাবে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা একটি ভিসা কার্ডেই উপভোগ করতে পারবেন দৈনন্দিন ব্যাংকিং সুবিধা ও আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকল লিমিটেড-এর চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মো. মাহবুব আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ক্লিনিকল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পারভেজ আহমেদ ও হেড অব বিজনেস সাদ এম. মিলকানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে একটি পেমেন্ট কার্ডের প্রচলিত ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। কার্ডধারীরা অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্ড প্রদর্শনের মাধ্যমেই নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই কার্ডের অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো, বছরে ৩৬৫ দিন, সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা বিনামূল্যে ও সীমাহীন অডিও ও ভিডিওর মাধ্যমে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ প্রদান করা হবে। পাশাপাশি থাকছে হাসপাতালের বিল পরিশোধে ক্যাশব্যাক, চিকিৎসকের পরামর্শ গ্রহণে ক্যাশব্যাক, বীমা সুবিধা এবং দেশব্যাপী ৩০০টিরও বেশি অংশীদার হাসপাতালে সর্বোচ্চ ৪০% পর্যন্ত বিশেষ ছাড়। উল্লেখিত সকল সুবিধা প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী প্রদান করা হবে।



























