ট্রিপল মার্ডার মামলার আসামি মোতাহার জুলাই হত্যা মামলায় কারাগারে
রাজধানীর মৌচাক-মালিবাগের আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মোতাহার হোসেনকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দীন সড়কে মো. জসিম হত্যার ঘটনায় মামলাটি দায়ের করা। এদিন রিমান্ড শেষে মোতাহারকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। তবে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ।
এর আগে এই মামলায় মোতাহার হোসেনের প্রথম দফায় চারদিন এবং দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মোতাহার আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে তিনি অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দীন সড়কে ঢাকা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হন মো. জসিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জসিমের স্ত্রী মোছা. ফরিদা ২০২৪ সালের ১১ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়। এজাহারে মোতাহার হোসেনের নাম ১৯৬ নম্বর আসামি হিসেবে রয়েছে।
রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় সংঘটিত আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি হিসেবেও মোতাহার হোসেনের নাম রয়েছে।



























