তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর দুপুর ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।



























