মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমেরও বিবেচনায় রাখা উচিত।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমের পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা প্রয়োজন।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। এটি নতুন কোনো বিষয় নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে। আবার কোথাও গাড়ি কিংবা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়