মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ১০ নভেম্বর ২০২৬

বাবা হারালেন সোহম চক্রবর্তী

বাবা হারালেন সোহম চক্রবর্তী
ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী আর নেই। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর দীপাবলির সন্ধ্যায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা ও তাঁর পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। চলতি বছরের দুর্গাপূজার সময় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দশমীর দিন পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হয়নি। বাসাতেই তাঁর জন্য নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) আদলে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

এর মধ্যেই দীপাবলির সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে সুব্রত চক্রবর্তীর। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শরীরের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও আন্তরিক। বাবার প্রতি ভালোবাসার প্রকাশও বিভিন্ন সময়ে দেখা গেছে অভিনেতার কর্মকাণ্ডে। ২০২১ সালে বেশ ঘটা করেই বাবার ৭৫তম জন্মদিন উদ্‌যাপন করেছিলেন তিনি। সেই আয়োজনেও উঠে এসেছিল বাবা-ছেলের গভীর বন্ধনের চিত্র। প্রিয় বাবাকে হারিয়ে এবার সেই স্মৃতিগুলোই সোহমের পরিবারের কাছে হয়ে উঠেছে বেদনার।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়