লক্ষ্মীপুরে এ্যানির ব্যক্তিগত সহকারী ১৫ লাখ টাকাসহ আটক
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকাসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যৌথ বাহিনীর একটি দল এ্যানির নির্বাচিনি গাড়ি থেকে টাকাসহ আটক করে বলে জানা গেছে।
এই ঘটনায় কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন অনুসন্ধান ও তদন্ত বিচারক তাহমিনা আক্তার নওরীন।
জানা গেছে, আটক ব্যাক্তি এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামল। আর ওই গাড়ি থেকে সেনাবাহিনী উদ্ধার করে ১৫ লাখ টাকা।
প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় ১৫ লাখ টাকাসহ শ্যামলকে আটক করে সেনাবাহিনী।
শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনি গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।



























