বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

টাকাসহ আটক হওয়ার পর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে শেষ পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসা নিয়েছেন। পরে সেখান থেকে পরিবারের কাছে পাঠানো হয় তাকে।

হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানান, তাকে বুধবার বিকালের দিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।