বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

প্রকাশিত: ১৬:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে ব্যালট ছিনতাইয়ের দায়ে একজনকে ৩ বছরের কারাদণ্ড

শেরপুরে ব্যালট ছিনতাইয়ের দায়ে একজনকে ৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

শেরপুরে ধানের শীষ প্রতীকে অবৈধভাবে সিল মারা, ব্যালট ছিনতাই ও অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বিএনপির এক সমর্থককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক এজেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার নলবাইদ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।

পুলিশ ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থীর কয়েকজন সমর্থক কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী এজেন্টদের বের করে দেন। এরপর তারা অবৈধভাবে ভোট দেওয়া শুরু করেন এবং ধানের শীষ প্রতীকে সিল মারা ২৬টি ব্যালট পেপার নির্ধারিত বাক্সে ফেলেন। 

এছাড়া শতাধিক ব্যালট পেপারে সিল মারা হলেও সেগুলো বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়।

খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকেই মাসুদ মিয়াকে আটক করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই সময়ে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানার দণ্ড পান। তিনি নলবাইদ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।