শেরপুর-১ আসনে ভোটকেন্দ্রে ঢুকে ৩টি ব্যালট বই ছিনতাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছিনতাই হওয়া তিনটি বইয়ের মধ্যে একটি উদ্ধার করা গেলেও বাকি দুটি এখনো নিখোঁজ রয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছিল। কিন্তু সকাল ১০টার কিছু আগে কয়েকজন বহিরাগত ব্যক্তি হঠাৎ কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা দুটি ভোটকক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের দুটি এবং গণভোটের একটি—মোট তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক ধাওয়া করে সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হলেও অন্য দুটি এখনো উদ্ধার হয়নি।
ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং নিখোঁজ ব্যালট বই উদ্ধারে তল্লাশি চলছে। সাময়িক বিঘ্ন ঘটলেও পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনি কাজে বিঘ্ন সৃষ্টি ও ব্যালট ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।



























