বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা তিনু করিম মারা গেছেন

অভিনেতা তিনু করিম মারা গেছেন
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু।

জানা গেছে, গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। তখন তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছিলেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানান রাশেদ মামুন অপু। তিনি বলেন, “আজ দুপুরে তার দুলাভাইয়ের কাছ থেকে মৃত্যুর খবরটি পাই।”

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তার অভিষেক ঘটে। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন।

অভিনয় জীবনে তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বিশেষ করে একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান।

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।