মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক
ছবি: সংগৃহীত

২০১৭ সালের একটি হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সভাপতি এ কে এম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার জানান, ‘মাননীয় আদালত মামলার গুণাগুণ বিচার ও সার্বিক দিক বিবেচনা করে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আমার মক্কেলের জামিন মঞ্জুর করেছেন।’ 

তিনি আরও উল্লেখ করেন, এটি সাত বছর আগের একটি মারামারির ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে নিরাপত্তা সংকটের কারণে তার মক্কেল যথাসময়ে আদালতে হাজির হতে পারেননি।

অন্যদিকে, বরিশাল মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজিম উদ্দিন পান্না বলেন, ‘অ্যাডভোকেট ইউনুস বিগত স্বৈরাচারী সরকারের আমলে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই মামলায় তিনি ৩ নম্বর আসামি এবং এতে জামিন অযোগ্য ধারা যুক্ত ছিল। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।’