বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি
আধুনিক টি–টোয়েন্টি ক্রিকেট মানেই আগ্রাসী ব্যাটিং আর চোখধাঁধানো স্ট্রাইক রেট। সেখানে ব্যাট হাতে প্রত্যাশিত ছন্দ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ–এ চার ম্যাচে তার রান মাত্র ৬৬, স্ট্রাইক রেটও নজরকাড়া নয়। এমন পারফরম্যান্সের প্রেক্ষিতে তাকে ওপেনিং থেকে সরিয়ে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দল পরিচালনা পর্ষদ। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন–এর নেওয়া এই পদক্ষেপকে সমর্থন করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে টি–টোয়েন্টি ক্রিকেটের ধরন বদলে গেছে, আর খেলোয়াড়দেরও সেই গতির সঙ্গে মানিয়ে নিতে হয়।
ডু প্লেসি বলেন, “আমি মনে করি, সব মহান খেলোয়াড়ই তাদের ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে নিজেদের বদলান। বাবরের মতো একজনকে আমরা দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে চিনি। কিন্তু টি–টোয়েন্টি ক্রিকেট এখন এত দ্রুতগতির হয়ে গেছে যে স্ট্রাইক রেটের বিচারে সে কিছুটা পিছিয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “বিশেষ করে পাওয়ারপ্লেতে খেলা দেখলে বোঝা যায়—এখন ১২০ স্ট্রাইক রেটে চলবে না। প্রথম ছয় ওভার পুরোপুরি কাজে লাগাতে হলে দরকার ১৬০, ১৯০ এমনকি ২০০–প্লাস স্ট্রাইক রেট।”
তবে বাবরের গুরুত্ব একেবারে কমে যায়নি বলেও মনে করেন ডু প্লেসি। ধীরগতির ও স্পিন সহায়ক পিচে তার অবদান এখনও অপরিসীম।
এ প্রসঙ্গে তিনি বলেন, “মাইক হেসনের মতো একজন কোচের কাজই হলো খেলোয়াড়ের সেরাটা বের করে আনা। স্পিনিং পিচে মাঝের ওভারে বাবরের মতো ব্যাটসম্যান সোনার মতো মূল্যবান।”
শেষে ডু প্লেসি যোগ করেন, “পাটা উইকেটে এখন এ ধরনের ভূমিকা আগের মতো গুরুত্বপূর্ণ নয়। তাই বোঝা যায়, বাবর আজমকে কীভাবে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটাই খুঁজছেন কোচ।”
সব মিলিয়ে, আধুনিক টি–টোয়েন্টির দ্রুতগতির বাস্তবতায় বাবর আজমের নতুন ভূমিকায় মানিয়ে নেওয়ার প্রয়াসকে ইতিবাচকভাবেই দেখছেন ফাফ ডু প্লেসি।



























