শনিবার ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ৭ মার্চ ২০২৬

নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেফতার

নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই।