বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ১৯ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়: ঝুঁকি নিয়ে ছাদে যাত্রী

ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়: ঝুঁকি নিয়ে ছাদে যাত্রী
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার চতুর্থ দিনে রেলপথে ঘরমুখী মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। অনেক যাত্রী ঝুঁকি নিয়েও ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন, নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এমন দৃশ্য ধরা পড়েছে।

নিরাপত্তার দিক বিবেচনা না করেই হুড়োহুড়ি করে ট্রেনের বগিতে উঠছেন অনেকে। আবার কেউ কেউ টিকিট না কেটেই পছন্দের বগিতে বসে যাচ্ছেন, ফলে অনেক সময় যাত্রীদের মধ্যে আসন নিয়ে বাকবিতণ্ডা দেখা দিচ্ছে।

গতকাল বুধবার, যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল ও নীলসাগর এক্সপ্রেসের সময়সূচিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এরপর নীলসাগর এক্সপ্রেসের তিনটি বাড়তি কোচ সরিয়ে নেওয়া হয়েছে, যা যাত্রীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেকেই আগে থেকেই পরিবারের সদস্যদের পাঠিয়েছেন, আর শেষ মুহূর্তে যাচ্ছেন কিছু যাত্রী। ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে যাত্রা করছেন অনেকে, যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।