মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ২৩ মার্চ ২০২৬

পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত কারখানায় প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ।

ঘিওর থানা পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ‘অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড’ নামের একটি কারখানায় উৎপাদিত পোশাক শতভাগ বিদেশে রপ্তানি করা হয়। রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ২০ থেকে ২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মুখোশ পরে কারখানায় প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখে।

একপর্যায়ে ডাকাতরা কারখানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বৈদ্যুতিক সাব-স্টেশনে থাকা তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও কম্পিউটার লুট করে নেয়। লুটপাট শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কারখানার ব্যবস্থাপক মশিউর রহমান জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহকৃত বিদ্যুতের জন্য ব্যবহৃত সাব-স্টেশনের তামার তারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ও কম্পিউটার লুট হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ