পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই!
গাইবান্ধার ফুলছড়ির জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় আটক দুই জুয়াড়িকে ছিনিয়ে নেয় তারা।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ার নয়াপাড়া গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হয়। এতে আটকৃতদের সাথে থাকা জুয়াড়ি চক্ররা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে হয়। এ সময় আটক ব্যক্তিদের মধ্য থেকে দুইজনকে ছিনিয়ে নেয় জুয়াড়িরা।
পুনরায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলো, ফুলছড়ি উপজেলার চন্দিয়া গ্রামের নয়াপাড়া এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে জিল্লুর হাওলাদার (৫৫), রাজু মিয়ার ছেলে সাগর রহমান (৩৩), সোলেমান মিয়ার ছেলে মনিরুল মিয়া (২৫), জলিল মিয়ার ছেলে জসিম মিয়া (২৭), মাহাবুর আলালের ছেলে লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফাজুলের ছেলে ছালাম মিয়া (৪৭) এবং চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
ফুলছড়ি থানার কর্মকর্তা দুরুল হুদা বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ হামলার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য এলাকায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে চন্দিয়া এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



























