শুক্রবার ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ মার্চ ২০২৬

থানায় হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেপ্তার

থানায় হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা মামলায় জামায়াত নেতা মিজানুর রহমান মিজানকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানোর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে, ভোররাতে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি। তিনি গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা গোলাম মোস্তফাকেও আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ জানায়, তদন্তে মিজানের হামলার সঙ্গে সরাসরি ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সময় তার উপস্থিতি, আসামিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ এবং তার বাসায় প্রধান আসামিসহ কয়েকজনের অবস্থানের তথ্য মিলেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশবাড়ী থানার এসআই মো. রেজাউল করিম বলেন, জিজ্ঞাসাবাদে মিজান হামলার অন্যান্য আসামিদের আশ্রয় দেওয়া ও পলাতকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন।

গত ২৫ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী থানার ভেতরে এ হামলার ঘটনা ঘটে। কালিবাড়ি বাজারের একটি সরকারি বরাদ্দকৃত দোকানের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে।