শুক্রবার ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৭ মার্চ ২০২৬

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আবারও দেশে ডিজেল সরবরাহ এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।

ডিপো সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দেশে আসে। ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন জানান, নুমালিগড় থেকে পার্বতীপুর পর্যন্ত ডিজেল পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।

শুক্রবার সকালে এই ডিজেল পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির ডিপোগুলোতে সরবরাহ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এর আওতায় ইতোমধ্যে কয়েক দফায় জ্বালানি দেশে এসেছে। এর আগে গত ১১ মার্চ পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছায়। সর্বশেষ চালানসহ মোট সরবরাহ আরও বৃদ্ধি পেল।

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি চালু থাকায় দ্রুত ও তুলনামূলক কম খরচে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।