শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ১৩ জুন ২০২৬

নাঈম হাসানকে ঘিরে ঘটনার জেরে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

নাঈম হাসানকে ঘিরে ঘটনার জেরে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে চট্টগ্রামের খুলশী থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর থেকে ১৩ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১৩ জুন রাত আনুমানিক ১টার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়।

ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে খুলশী থানার এএসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়