মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২২ জুন ২০২৬

উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে

উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ছিনতাই ও চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আল-আমিনের দোকানে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদসহ কয়েকজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়িক ক্ষতি সাধন এবং নগদ অর্থ ও মালামাল লুট করে। ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল ফাহাদ পলাতক ছিলেন বলে জানা যায়।

দীর্ঘ প্রায় তিন মাস পর সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মামলার মেডিকেল প্রতিবেদনে আহত ব্যক্তির জখমকে সাধারণ ধরনের উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় আদালত চাইলে আসামিকে জামিন দিতে পারতেন। এছাড়া আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তসলিম তালুকদার বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। আমরা তার মুক্তি দাবি করছি। 

জনপ্রিয়