ভালুকায় যুবলীগের শপথ পাঠের ভিডিও ভাইরাল
শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২১ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় যুবলীগের একদল নেতাকর্মী শপথ গ্রহণ করেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। পরে শপথ গ্রহণের ভিডিওটি স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে প্রকাশিত হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে অংশগ্রহণকারীদের শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শের প্রতি আস্থা প্রকাশ এবং তার দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করতে দেখা যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি তার নজরে এসেছে।
তবে ভিডিওটি প্রকৃতপক্ষে ভালুকা এলাকার কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।



























