ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম: ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর
ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগ বাতিলের দাবিতে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাকসুদুর রহমান আরিফের ডাকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল, যুবদল, এনসিপির নেতাকর্মী এবং নিয়োগপ্রত্যাশীরা। বিক্ষুব্ধরা নিয়োগ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবি জানান তারা। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভাঙচুরের ঘটনাস্থলের ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক তৌহিদুর রহমান দুখুকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।



























