দুর্নীতির সংবাদ প্রকাশ
চিলমারীতে দুই সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি
চিলমারীতে প্রকল্প বাস্তবায়ন অফিসের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক অফিস কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের কালবেলার চিলমারী প্রতিনিধি এসএম রাফি।
পিআইও অফিসের কর্মচারী হুমায়ুনের পরিকল্পনার অডিও ক্লিপে শুনতে পাওয়া যায়, তিনি সাংবাদিক রাফি ও রকির ওপর ক্ষোভ প্রকাশ করে বলছেন, চেংড়া বেংড়ার আমার সঙ্গে চুক্তি হইছে, ৭২ ঘণ্টার মধ্যে চোটাচুটি হইবে। আমিও থাকমো সঙ্গে। ওই দুজনের ৭২ ঘণ্টার মধ্যে হয় হাত যাইবে, অন্য কাইয়ো না চোটাইলে আমি চোটামো। আমার চাকরি যায় যাইবে। ৭২ ঘণ্টার মধ্যে ওই দুজনের হাত নামামো।
অডিওতে হুমায়ুন দাবি করেন, তিনি নিজে কয়েকটি প্রকল্পের কাজ করেছেন। এ নিয়ে সাংবাদিক রাফি ও রকিকে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তাদের ৩০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু তারপরও তারা সংবাদ প্রকাশ করায় তিনি তাদের দুজনের হাত কেটে ফেলে দেওয়ার জন্য স্থানীয় কিছু ছেলেদের সঙ্গে চুক্তি করেছেন। প্রয়োজনে তিনি নিজেই তাদের হাত কেটে দেবেন বলেও অডিওতে শোনা গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, রাগের মাথায় বলে ফেলেছি। আমাকে মাফ করে দেন। যাদের সামনে বলেছি তারা আমার সঙ্গে বেঈমানি করে এটা ছড়ায় দিছে। এখন আমাক যা করতে বলবেন করব। যদি ওই দুজনের পা ধরতে হয় তাও ধরব।
চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান বলেন, বিষয়টি দেখছি।



























