শনিবার ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৩:০২, ২২ আগস্ট ২০২৬

কক্সবাজারে আইকন বাসে আগুন, জানালা ভেঙে উদ্ধার যাত্রী

কক্সবাজারে আইকন বাসে আগুন, জানালা ভেঙে উদ্ধার যাত্রী
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে রামুর কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় নিরাপদে বের করে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে হঠাৎ বাসটির ভেতরে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর যাত্রীরা আগুন ও ধোঁয়া দেখতে পান। এতে বাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বাসের দরজা দিয়ে সবাইকে বের করা সম্ভব না হওয়ায় তারা জানালার কাচ ভেঙে যাত্রীদের একে একে বাইরে নিয়ে আসেন। পরে যাত্রীদের লাগেজ ও অন্যান্য মালামালও বাস থেকে বের করে দেওয়া হয়।

বাসের যাত্রী রায়হান বলেন, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর বাসের ভেতরে প্রথমে পোড়া গন্ধ পান তারা। পরে আগুন দেখতে পান। তবে চালক কিংবা সহকারী আগুন লাগার বিষয়টি যাত্রীদের জানাননি বলে দাবি করেন তিনি। পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে তাদের উদ্ধার করেন।

আরেক যাত্রী মো. সোহেল রানা জানান, পরিবারের সাত সদস্যকে নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালা ভেঙে তাদের বের করে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

সোহেল রানা আরও বলেন, আগুন লাগার পর বাসের ভেতরে চালক ও সহকারীকে তিনি দেখতে পাননি।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। যাত্রীদের দ্রুত বাস থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে বাসের ভেতরে থাকা মালামালও উদ্ধার করে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়