বিদায় নিলেন জনপ্রিয় ইউএনও রিপামনি দেবী
“ভালো মানুষ কখনো বিদায় নেন না”—কথাটিই যেন সত্যি করে পঞ্চগড়ের আটোয়ারীবাসীর কাছ থেকে বিদায় নিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। দীর্ঘদিন আটোয়ারীতে দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা, মানবিকতা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি উপজেলা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
বিদায়ের প্রাক্কালে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় আটোয়ারীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিপামনি দেবী। তিনি লেখেন, শান্ত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় আটোয়ারী উপজেলা থেকে তাঁর বিদায়ের সময় এসেছে। দীর্ঘ কর্মজীবনে আটোয়ারীবাসীর কাছ থেকে যে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা পেয়েছেন, তার ঋণ কখনো শোধ করার নয় বলেও উল্লেখ করেন তিনি।
দায়িত্ব পালনকালে তাঁর আচরণ ও ব্যবহারের জন্য আটোয়ারীবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন রিপামনি দেবী। প্রশাসনের একজন কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল অত্যন্ত আন্তরিক ও সহজ-সরল সম্পর্ক। ধনী-গরিব, ছোট-বড় কিংবা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না করে সবার কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যা সমাধানে সহযোগিতার চেষ্টা করতেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মানবিক ও আন্তরিক আচরণের প্রতিফলন দেখা গেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মন্তব্যে নিয়মিত লাইক দেওয়ার পাশাপাশি অনেক মন্তব্যের জবাবও দিতেন তিনি। একজন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে সাধারণ মানুষের এমন সরাসরি ও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ তাঁকে আটোয়ারীবাসীর কাছে আরও আপন করে তুলেছিল।
তাঁর বিদায়ে আটোয়ারীবাসীর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের ভাষায়, একজন ভালো ও মানবিক কর্মকর্তার বিদায়ে শূন্যতা তৈরি হলেও তাঁর সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও মানুষের জন্য করা ভালো কাজগুলো দীর্ঘদিন মনে থাকবে।
বিদায়ের এই মুহূর্তে আটোয়ারীবাসী রিপামনি দেবীর আগামীর কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, কর্মস্থল বদল হলেও আটোয়ারীর মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।



























