শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২৪ অক্টোবর ২০২৬

দিনাজপুরে আল-কলম মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুরে আল-কলম মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
ছবিঃ সংবাদ পরিক্রমা

দিনাজপুরে আল-কলম ইউনিভার্সাল মাদরাসার একাডেমিক ও হিফজ বিভাগের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নউদ্দীন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোকররম হোসেন মুকুল এবং অভিযাত্রীক সমাজকল্যাণ সংস্থার পরিচালক আরিফুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-কলম ইউনিভার্সাল মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সবুজ।

কি-নোট বক্তব্যে অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদেরও তাদের পাশে থাকতে হবে।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সবুজ বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবক ও সুধীজনের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদরাসার শিক্ষক মর্তূজা।

সর্বশেষ

জনপ্রিয়