রোববার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৫ অক্টোবর ২০২৬

বাইকের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা

বাইকের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা
ছবিঃ সংগৃহীত

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নিজ দায়িত্বে সামনের নম্বরপ্লেট স্থাপন করতে হবে মোটরসাইকেলের মালিকদের। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে এবার মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নিজেদের উদ্যোগে নির্ধারিত মান অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

সামনের নম্বরপ্লেট তৈরির নিয়ম

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা শোভাবর্ধক কিছু রাখা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।

স্কুটার ও অন্যান্য বাইকের নম্বরপ্লেটের মাপ

বিআরটিএ স্কুটার এবং অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করেছে।

- স্কুটার: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার, প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার।
- অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার, প্রস্থ ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার।

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মোটরসাইকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়