রোববার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ২৫ অক্টোবর ২০২৬

ইরানে কী আজই হামলা হতে পারে?

ইরানে কী আজই হামলা হতে পারে?
ছবিঃ সংগৃহীত

ইরানে আবার কবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নতুন করে সামনে এসেছে এ প্রশ্ন। সম্ভাব্য সামরিক অভিযানের কথা বিবেচনা করার পাশাপাশি ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তবে হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে এবং তা আগামীকালও হতে পারে। তবে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত কতটা এগিয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি।

সম্ভাব্য হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি, এমনকি আগামীকালও হতে পারে।’ এরপর তিনি বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের বলে দেব যে হামলা চালাব কি না?’

চুক্তির সম্ভাবনাও খোলা রাখলেন ট্রাম্প

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ এখনো রয়েছে। ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান চুক্তি করলেও তা মেনে চলবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়। তবে মূল প্রশ্ন হলো, দেশটি সেই চুক্তির শর্ত মেনে চলবে কি না।

ইরানের পারমাণবিক কর্মসূচিও তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে। ট্রাম্প বলেন, ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছিল, তা দিয়ে দীর্ঘমেয়াদে লক্ষ্য অর্জন নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাকে এটাকে স্থায়ী করতে হবে। আমি এ কারণেই এটি করছি।’

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি

এদিকে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেড়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে তিনি কোনো পরিসংখ্যান উপস্থাপন করেননি।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বরং সামরিক অভিযান ও কূটনৈতিক সমঝোতা—দুই সম্ভাবনাই খোলা রেখেছেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ‘আমাকে হয়তো বিষয়টি শেষ করে দিতে হবে, অথবা তারা চুক্তিতে পৌঁছাতে পারে। তবে আমি নিশ্চিত নই। যেকোনোভাবেই হোক, জয় আমাদের।’

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সমাধান অনিশ্চিত

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হলেও সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা এবং কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা—দুটিই আলোচনায় এসেছে। তবে তাঁর বক্তব্য থেকে হামলার নির্দিষ্ট সময় বা চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়