সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা শহরে ভবন নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুরান থানা এলাকার ইসলামী মার্কেটের সামনে সামাদ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কর্মরত ছিলেন। ভবনের ওপরের অংশে রডের বান্ডেল টেনে তোলার সময় সেটি বাইরে থাকা এসির বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। এতে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যান।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে ব্যবহৃত রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগে লেগে যাওয়ায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ এবং আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা প্রয়োজন ছিল। সামান্য অসতর্কতার কারণে একই ঘটনায় দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়