অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আর ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পরাজয় ও পতন ঘটেছে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা আর দেশে ফিরে আসতে পারবেন না।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার মরদেহ দাফন করার মতো সাহসও নেই। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবে, এমনটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না।
কবর জিয়ারতের সময় রাশেদ খাঁনের সঙ্গে মাগুরা জেলা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























