বিয়ের পাত্র কেমন হতে হবে, জানালেন মিমি চক্রবর্তী
দুর্গাপূজা উপলক্ষে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারের পূজায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে মিমির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ততার মধ্যেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মিমি। বিয়ের প্রসঙ্গ উঠতেই জানিয়েছেন, কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান তিনি।
জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’
নিজের বিয়ে নিয়ে অবশ্য এখনই বিশেষ কোনো পরিকল্পনার কথা জানাননি এই অভিনেত্রী। বরং অন্যের বিয়েতে দাওয়াত খেতেই বেশি আগ্রহী তিনি। মজার ছলে মিমি বলেন, অন্যদের বিয়েতে যেতে তার বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তার ভালো লাগাটা আরও বেড়ে যায়। নিজের বিয়ে প্রসঙ্গে তার মন্তব্য, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’
এদিকে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি নিতে গিয়ে পরিচালকের কাছ থেকে বিশেষ পরামর্শ পেয়েছিলেন তিনি।
মিমি জানান, সুমিত্রা চরিত্রটি বুঝতে পরিচালক তাকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র আলোচিত চরিত্র ‘পুপে’র রেফারেন্স দিয়েছিলেন। সেই সূত্র ধরে চরিত্রটি প্রস্তুত করার অভিজ্ঞতাও ভাগ করে নেন অভিনেত্রী। এখন পূজায় নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসার অপেক্ষায় রয়েছেন তিনি।



























