মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ১২ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল যুবকের প্রাণ

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল যুবকের প্রাণ
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিতুল মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে বের হওয়া একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ২৫০/৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়