‘মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্টের পর প্রশাসনিক পদক্ষেপ
ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে পরপর দুটি পোস্ট দেওয়ার পর সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—এমন দুটি পোস্ট দেন জামালগঞ্জে কর্মরত এই সহকারী কমিশনার (ভূমি)। তাঁর পোস্টগুলো ঘিরে আলোচনা তৈরি হয়।
তবে ফেসবুকে পোস্ট দেওয়ার পেছনের কারণ এবং সংশ্লিষ্ট ইউএনওর বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



























