জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিনে প্রকাশ্যে এল তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত সিনেমাটির গল্প সাজানো হয়েছে এক নারীর জীবনসংগ্রাম ও টিকে থাকার লড়াইকে ঘিরে। সার্ভাইভালধর্মী এই চলচ্চিত্রের গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘ফারজানা’ সিনেমার গল্পে দেখা যাবে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারান এক ক্রাইম রিপোর্টার। এরপর একমাত্র সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হন তার স্ত্রী। স্বামীকে হারানোর শোক সামলে সন্তানকে আগলে রেখে নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করেন তিনি।
জীবনের কঠিন বাস্তবতা, সামাজিক প্রতিকূলতা আর নানা সংকটের মধ্যে একজন নারী কীভাবে নিজের অস্তিত্ব ও পরিবারের নিরাপত্তা রক্ষার চেষ্টা করেন, সেই সংগ্রামই উঠে এসেছে সিনেমাটির চিত্রনাট্যে। প্রতিকূল পরিস্থিতিতে একজন নারীর সাহস, ধৈর্য ও টিকে থাকার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই এগিয়েছে ‘ফারজানা’র গল্প।
নির্মাতা তারেক রহমানের জন্যও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে বেশ কয়েকটি প্রশংসিত নাটক নির্মাণ করলেও ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ফলে বড় পর্দায় তার নির্মাণশৈলী কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
সিনেমাটি প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে জানান, প্রজেক্টটি নিয়ে পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
প্রায় ছয় মাস আগেই এই সিনেমার লুক সেট বা চূড়ান্ত করা হয়েছিল বলে জানান এই অভিনেত্রী। তবে পরবর্তীতে নানা ধরনের জটিলতা ও শিডিউল সংকটের কারণে সময়মতো শুটিং শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে ছবিটির শুটিং শেষের পথে রয়েছে এবং খুব শিগগিরই এটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



























