রোববার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ২৫ অক্টোবর ২০২৬

৪ নভেম্বর পর্যন্ত দাম্মাম রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

৪ নভেম্বর পর্যন্ত দাম্মাম রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
ছবিঃ সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইটের স্থগিতকরণের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বাড়ানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ই অক্টোবর (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্লেখিত ফ্লাইটসমূহের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীগণকে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয়