আজও গাজীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছালে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকেরা জড়ো হয়েছিলেন। সেখান থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।



























