গাজীপুরে গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক মিয়ার (২০) উদ্দেশ্যে গায়েবানা জানাজার প্রস্তুতি নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১টার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই শ্রমিকের রুহের আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজার প্রস্তুতি চলছিল। জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির বেশ কয়েকজন নেতা বক্তব্য শেষ হলে আলী নাসের খান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা গায়েবানা জানাজা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপরেও জানাজা করতে চাইলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও বিজিবি।
এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, “পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। আমরা পোশাকশ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। সেই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।”



























