যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক আবদুল এল-সাইয়েদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে বিরল এই ইতিহাস গড়েন তিনি।
বুধবার (৪ নভেম্বর) ডেট্রয়েটে মিশিগান ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে সমর্থকদের উপস্থিতিতে নিজের বিজয় ঘোষণা করেন এল-সাইয়েদ।
বিজয় ভাষণে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাকে নিজেদের বাড়িতে, গির্জায় ও সিনাগগে জায়গা দিয়েছেন।’ প্রায় দেড় বছরের নির্বাচনি প্রচারণায় মিশিগানের বড় শহর থেকে শুরু করে ছোট ছোট জনপদেও মানুষের সমর্থন পাওয়ার কথা তুলে ধরেন তিনি।
এল-সাইয়েদ বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও ভোটারদের সমর্থন তাকে সাহস জুগিয়েছে। তিনি বলেন, ‘তারা এমন একটি আমেরিকা চায়, যেখানে আমাদের কারও কারও জায়গা নেই। কিন্তু আমরা জানি, আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।’
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় এল-সাইয়েদের মুসলিম পরিচয়কে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তার বিরোধীরা তাকে লক্ষ্য করে ইসলামবিদ্বেষী বক্তব্য দেন। এমনকি ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলেও আখ্যা দেন। তবে এসব আক্রমণের জবাবে এল-সাইয়েদ বলেন, জীবনযাত্রার ব্যয়, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়েই প্রতিপক্ষ বিভাজনের রাজনীতিতে নেমেছে।
মিশিগানের সাবেক স্বাস্থ্য পরিচালক এল-সাইয়েদ ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনেও আলোচনায় আসেন। দলীয় নেতৃত্বের পছন্দের প্রার্থী হেইলি স্টিভেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন তিনি।



























