৭ নভেম্বর নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের ট্রফি
বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির হাতে দেখা গিয়েছিল ট্রফিটি। সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় আর্জেন্টাইন অধিনায়কের হাতে থাকা সেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে এটি বিক্রির জন্য তোলা হবে।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে ১৮ ক্যারেট সোনায় তৈরি আসল বিশ্বকাপ ট্রফিটি দেখার সুযোগ দেওয়া হয়েছিল। তবে মাঠে খেলোয়াড়দের উদযাপনের জন্য ব্যবহৃত হয়েছিল ট্রফিটির একটি প্রতিরূপ। সেই রেপ্লিকা ট্রফিটিই এবার নিলামে উঠছে।
রিচমন্ড অকশান্স জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের পর মাঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহার করা হয়েছিল ট্রফিটি। পরে বিশ্বজয়ী দলের সদস্যরা এতে নিজেদের স্বাক্ষর করেন। এরপর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয় এটি।
ট্রফিটির পাশাপাশি নিলামে তোলা হবে একটি বিশেষ ট্রেডিং কার্ডও। কার্ডটিতে বিশ্বকাপের রেপ্লিকা হাতে মেসির ছবি রয়েছে। ফলে একই সঙ্গে বিশ্বকাপ উদযাপনের স্মারক এবং সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি সংগ্রহের সুযোগ পাচ্ছেন আগ্রহী ক্রেতারা।
২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা।
নিলামকারী প্রতিষ্ঠানটির ভাষ্য, ট্রফি ও ট্রেডিং কার্ড একসঙ্গে সংগ্রহ করার সুযোগটি বিশেষ গুরুত্ব বহন করে। তাদের মতে, দুটি স্মারকই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক উদযাপনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
রিচমন্ড অকশান্স আরও জানিয়েছে, ট্রফিটির মালিকানা ও সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নোটারি করা এবং যথাযথভাবে অনূদিত নথি রয়েছে। পাশাপাশি এর উৎস ও সত্যতা যাচাইয়ের জন্য ছবি এবং ভিডিও প্রমাণও সংরক্ষিত আছে।



























